সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪২

ফরিদপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুরে মাথা ঘুরে পড়ে রাসেল শেখ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঐ যুবক বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তিনি ঐ এলাকার মাসুদ শেখের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের পুকুর থেকে ফরিদপুর মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ম বর্ষের ছাত্র রাসেল শেখকে উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কবি সাহিত্যিক বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কবি সাহিত্যিক ও প্রয়াত কিংবদন্তি বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবিতে রবিবার মানববন্ধন হয়েছে।  পৌরসভা মোড়ে মানববন্ধন চলাকালে কবি সাহিত্যিক ও বাউদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, খালেকদাদ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার, শিকর উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল প্রমুখ। পরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।

স্যানিটেশন মাস উপলক্ষ্যে র্যালি

নীলফামারী প্রতিনিধি জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে রবিবার নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। র্যালি শেষে নীলফামারী পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য নুর জাহান বেগম প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম। বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার বিদায়ী সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওসার আলী শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতামূলক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাবলু কুমাড় সাহা মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধ ও আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, নারীনেত্রী রিজভী ইসলাম কবিতা প্রমুখ।

মানসম্মত খাবার ও সঠিক জীবনযাপন শীর্ষক কর্মশালা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রবিবার দিনব্যাপী ‘শারীরিক পরিশ্রম, স্বাস্থ্য মানসম্মত খাবার ও সঠিক জীবনযাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায়ের সভাপতিত্বে মেডিক্যাল টেকনোলজিস্ট ইপিআই শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ডা. মশিউর রহমান মল্লিক, ডা. শোয়েব মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।

বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময়

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা হিলি সীমান্তে সৌহার্দ ও সম্প্রীতি বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। রবিবার দিপাবলির দিন সীমান্তের ২৮৫/১১ নম্বর সাব-সীমানা পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিজিবি’র হাতে মিস্টির প্যাকেট তুলে দিয়ে এ সম্প্রীতির অঙ্গীকার করেন বিএসএফ সদস্যরা। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. আলতাফ হোসেন জানান, ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এস কে বালেরাও এর নেতৃত্বে বিএসএফ সদস্যরা হিলি চেকপোস্টে আসেন। এ সময় এস কে বালেরাও বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট ব্যাটালিয়ন এবং হিলি সিপি ক্যাম্পের নামে ১০টি মিষ্টির প্যাকেট উপহার হিসেবে তুলে দেন। মিষ্টির প্যাকেটগুলো নিজ নিজ দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সুগার বিট চাষে কৃষক প্রশিক্ষণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে সুগার বিট থেকে ব্রাউন চিনি উত্পাদন এবং সুগার বিট চাষের ওপর কৃষক প্রশিক্ষণ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামগঞ্জ বিলাসী বিট সুগার মিল মাঠে বাংলাদেশ অরগানিক প্রডাক্ট ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন এবং এগ্রো প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় এর আয়োজন করে। এ সময় ৩০ জন কৃষককে বিনামূল্যে ৩০ কেজি সুগার বিটের বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ বিট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছালাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মেধাবীদের মধ্যে বৃত্তি বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গোপালপুরে রবিবার মেধাবীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলার খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ বৃত্তি বিতরণ এস এল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের কর্ণধার খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ড. শামীম আরা। বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রধানশিক্ষক মো. গজনবী, শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুখ প্রমুখ।

নদীভাঙন-কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সর্বহারা ৫০০ পরিবারের মধ্যে রবিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি. দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে এ ত্রাণসামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

হাতিয়ান্দাহ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় রবিবার হাতিয়ান্দাহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাতিয়ান্দাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব-উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ। প্রধান বক্তা ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা ডেমক্রেসিওয়াচ, দিনাজপুরের আয়োজনে অপরাজিতা প্রকল্পের অধীনে রবিবার দিনব্যাপী যোগাযোগ দক্ষতা উন্নয়নবিষয়ক অবহিতকরণ ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সংলাপে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য, পরাজিত ও আগামীতে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ৩৫ জন নারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুণ্ডু এবং উপজেলা জাপার সভাপতি মোশারফ হোসেন মাষ্টার।

শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রবিবার দুপুরে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। নেত্রকোনা জেলা পরিষদের উদ্যোগে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন আজাদ প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়দায়িত্ব শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতা ও গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। ‘বিল্ডিং রেজিলিয়েন্স টু এচিভ জিরো হাঙ্গার’ নামের প্রকল্পের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক সহযোগিতা কার্যক্রমের আওতায় ওরিয়েনটেশনে উপস্থিত ছিলেন থানার ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।

বাকেরগঞ্জে সেমিনার ও প্রদর্শনী

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত উপজেলা প্রশাসন বাস্তবায়িত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাকেরগঞ্জ পৌর অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসরিন জাহান রতনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আইএফআরডির পরিচালক ড. আবুল কাসেম প্রমুখ।