খুলনা কর অঞ্চলে ৬৮ হাজার ৫১৯ জন নতুন করদাতা শনাক্ত হয়েছে। ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৫ মাসে এই করদাতারা নতুন করে রেজিস্ট্রেশন করেছেন। যা বিগত দিনের চেয়ে বড়ো ধরনের একটি অর্জন বলে জানিয়েছেন কর বিভাগের কর্মকর্তারা। এদিকে নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যে খুলনা কর অঞ্চলের ১০ জেলায় নয়টি টিম মাঠে নেমেছে। খুলনা কর অঞ্চলের উপ-কমিশনার সদর দপ্তর (প্রশাসন) খো. তারিফ উদ্দিন আহমেদ বলেন, খুলনা বিভাগের ১০টি জেলা নিয়ে খুলনা কর অঞ্চল গঠিত। এ অঞ্চলের আওতাধীন ২২টি সার্কেলের আওতায় করদাতা রয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ৮২২ জন। এর মধ্যে ব্যক্তি করদাতার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪২২ জন। এছাড়া কোম্পানি করদাতা রয়েছে ১ হাজার ৪০০ জন। এর মধ্যে গত ১৫ মাসে নতুন করদাতা সৃষ্টি হয়েছে ৬৮ হাজার ৫১৯ জন। যার মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে নতুন করদাতা হয়েছেন ৪৫ হাজার ৫২৪ জন। এছাড়া চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ২২ হাজার ৯৯৫ জন নতুন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, করদাতাদের মাঠ পর্যায়ে নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যে ৯টি জরিপ টিম কাজ করছে।
