সপ্তাহের প্রথম দিনে গতকাল রবিবার ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৫৭ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেনের এই অংক গত সাড়ে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৩২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। চলতি বছরের ১৫ মে ২৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সেহিসাবে গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ডিএসইর লেনদেন।
গতকাল ডিএসইতে মোট ৩৫০ টি কোমপানির ৮ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৬০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৫৭ কোটি ৮ লাখ ১৩ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৪৭৫২ দশমিক ৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৬৬৮ দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১০৯০ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩২ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, সোনারবাংলা ইন্সুরেন্স, ন্যাশনাল টিউবস, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, বীকন ফার্মা, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, সিলকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক ও মুন্নু সিরামিকস। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, আনলিমা ইয়ার্ন, সাফকো স্পিনিং, এমারেল্ড অয়েল, ইফাদ অটোস, বেঙ্গল উইন্সডোর, কে অ্যান্ড কিউ, ইউনাইটেড ইন্সুরেন্স, এমআই সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট ও নরদার্ন জুট।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
