আবারও সূচিতে পরিবর্তন

পেছাল শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় সেমি ও ফাইনাল

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৬

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সূচিতে আবারও পরিবর্তন এসেছে। নতুন সূচিতে আজ সোমবার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে গোকুলাম কেরালার। আগামীকাল হবে দ্বিতীয় সেমিফাইনালটি। চূড়ান্ত লড়াই এক দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

গতকাল এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন জানান, সেমিফাইনাল আয়োজনে বেশি সময় নেওয়ার জন্যই আবারও সূচিতে পরিবর্তন। তিনি বলেন, ‘আইলিগ আগে বলেছিল ৩০ তারিখের আগে ভারতীয় দলগুলোকে ছেড়ে দিতে। সে নিরীখেই সেমিফাইনালের সময় কমিয়ে ঠিক সময়ে টুর্নামেন্ট শেষ করার শিডিউল করা হয়েছিল। এখন আইলিগ পিছিয়ে যাওয়ায় আমরা আরও কিছু সময় নিতে চেয়েছি সেমিফাইনালে। বর্তমান সূচিতে আগামীকাল (আজ) হবে প্রথম সেমিফাইনাল। তার পরদিন দ্বিতীয় সেমিফাইনাল। আর ফাইনাল হবে ৩১ অক্টোবর।’

এর আগে প্রতিযোগিতার শুরুতে ঢাকা আবাহনীর খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দলটি নিজেদের টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেয়। শেষ সময়ে গোকুলাম কেরালাকে আমন্ত্রণ জানান আয়োজকেরা। সব ছাড়পত্র নিয়ে বাংলাদেশে পা রাখতে দেরি করায় সূচিতে পরিবর্তন এনেছিলেন আয়োজকেরা।