চলচ্চিত্র নিয়ে এখন খবর মানেই এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন। এই আলোচনার মধ্যেই চিত্রনায়ক রোশানের নতুন একটি সিনেমার মহরত অনুষ্ঠিত হয়ে গেল। ‘উন্মাদ’ শিরোনামের নতুন এই সিনেমাটির নির্মাতা অপূর্ব রানা। এই সিনেমায় আবারো নতুন এক জুটিকে দেখা যাবে। রোশানের সঙ্গে এই সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়িকা অধরা খান। অনেকদিন কোনো নতুন সিনেমার আলোচনায় ছিলেন না তিনি। সেই বিরতি কাটিয়ে তিনি আবারো ফিরলেন।
এদিকে রোশানও নতুন সিনেমার খবর নিয়ে ফিরলেন অনেকদিন পর। রোশান সিনেমাটি নিয়ে বলেন, ‘প্রথমত, একটি সিনেমা নির্বাচনের জন্য গল্পটা মূল পছন্দের জায়গায় থাকে। এই সিনেমার গল্পটি তেমনই। চরিত্রটিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো। ভালো একটি কাজ হতে যাচ্ছে সেটি বিশ্বাস করি।’
এখনকার সিনেমার সার্বিক বিষয় নিয়ে রোশান আরো বলেন, ‘আমাদের সিনেমার একটি ভালো সময় যাচ্ছে। শুধু সিনেমা নির্মাণ করা নয়, গল্প থেকে শুরু করে গল্প দেখানো যে ঢঙ সেটির পরিবর্তন হয়েছে। সামনে আমাদের আরো ভালো সময় আসছে।’
সিনেমার বিরতি প্রসঙ্গে অধরা বলেন, ‘প্রথম দুটি সিনেমা মুক্তির পর দর্শকদের যে ভরসার জায়গাটা পেয়েছি সেই আস্থা ঠিক রাখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল হয়তো। অবশ্যই সেটি গল্পের কারণে। ভালো গল্প যে পাইনি এমনটা নয়, তবে নিজের কাজের স্বাচ্ছন্দ্যবোধের জায়গা থেকে এই কাজটি হয়তো বেশ ভালো কিছু হতে যাচ্ছে।’
নির্মাতা জানান, তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এই সিনেমাটি।
ঢাকা ও ঢাকার বাইরে সিলেট ও খাগড়াছড়িতে ‘উন্মাদ’ সিনেমার শুটিং হবে। আসছে বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে বলে জানানো হয়েছে।
