মেয়েদের টেস্ট স্ট্যাটাসের জন্য লড়বে বিসিবি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৭

নারী ক্রিকেটকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এর পেছনে উদ্দেশ্যটা অনেক বড়। আর সেটা হলো টেস্ট স্ট্যাটাসের জন্য লড়াই।

সংস্থাটির ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানালেন নিজেদের লক্ষ্যের কথা। বললেন, ‘আমরা কিন্তু (নারী ক্রিকেটে) টেস্ট স্ট্যাটাস এখনো পাইনি। যদি টেস্ট স্ট্যাটাস পেতে হয় আমাদের কিন্তু লঙ্গার ভার্সনে যেতে হবে। আগামী বছর থেকে আমরা লঙ্গার ভার্সন শুরু করতে যাচ্ছি।’

সাকিব আল হাসানরা নারী ক্রিকেটারদের জন্য চেয়েছেন তাদের সমান সুযোগ-সুবিধা। নাদেল জানান, এরই মধ্যে সালমা খাতুন-রুমানা আহমেদদের জন্য সুযোগ-সুবিধা কিছুটা বাড়িয়েছেন তারা।

বললেন, ‘যাদের স্যালারি ছিল ১৫ হাজার, আমরা তাদের স্যালারি ২০ হাজার বা ২৫ হাজারে নিয়েছি। যার ছিল ২০ হাজার তাকে ৩০ হাজারে নিয়েছি। সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন পাচ্ছে। আমরা ১৬-১৭ জনকে স্যালারি দেই। দীর্ঘদিন যা ছিল, আমরা অল্প দিনে বেশ কিছু জায়গায় সুবিধা বাড়ানোর চেষ্টা করেছি। আমি সব সময় বলি এটা অর্জন করতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে। মেয়েরা কিন্তু তুলনামূলক ভালো ভালোই করছে।’

আসছে ২০২১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মেয়েদের ক্রিকেটে যুব বিশ্বকাপ। আর এই আসরে প্রথমবারেই আয়োজক দেশ হলো বাংলাদেশ। নাদেল জানালেন বিশ্বকাপকে ঘিরে নিজেদের পরিকল্পনার কথা, ‘আমাদের ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই ধরনের তিনটা ভেন্যুতে সম্ভবত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেহেতু আমরা হোস্ট হচ্ছি, তাই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করছি। এখনো হাতে আমাদের যেহেতু বছর দেড়েক বা দুয়েক সময় রয়েছে, আমাদের পরিকল্পনা হলো যারা বিভিন্ন বিভাগে বয়সভিত্তিক পর্যায়ে রয়েছে যাদেরকে নেয়া যাবে দলে সেটাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। এর জন্য আমাদের বিভাগীয় পর্যায়ে সেক্রেটারি, কোচসহ যারা ক্রিকেট বোর্ডের অধীনে আছে, তারাই কিন্তু মাঠপর্যায়ে কাজ করে।’