বড় নির্বাচনে ছোট সহিংসতা হতেই পারে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে বড় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে ছোট ছোট সহিংসতার ঘটনা ঘটতেই পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আমিও বিষয়টি দেখব। বিষয়গুলো তদন্ত করে ফয়সালা করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় সরণি থেকে নেতাকর্মীদের নিয়ে তেজকুনিপাড়া এলাকায় জনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, আসাদুজ্জামান খাঁন কামাল এবার ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

গত সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। পরদিন মঙ্গলবার বিকালে নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর রাতে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এলাকায় পিটিয়ে হত্যা করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মামুন খানকে।