খাদ্যে ভেজালকারীদের সতর্ক করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা ভেজাল খাদ্য প্রস্তুত ও বিপণনের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি পেতে হবে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘খাদ্য নিরাপত্তায় সুশাসন ও বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে ঢাকাসহ সারাদেশে বাজার মনিটরিং ও নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। খাদ্যে ভেজালের উত্স চিহ্নিত করতে বাজার অভিযান আরো জোরদার করা হবে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন সাধারণ ভোক্তাদের প্রতারণা করতে না পারে সেজন্য ভোক্তাদের মধ্যে সচেতনতা থাকা দরকার। ক্যাব সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সারোয়ার জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল হোসেন মিয়া প্রমুখ।
