একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবারও সারা দেশে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নেত্রকোনায় আওয়ামী লীগের মিছিলে গুলি করেছে বিএনপির প্রার্থী। কক্সবাজারের চকরিয়া ও ঝালকাঠিতে বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাঁথিয়া (পাবনা) : পাবনা-১ আসনের (সাঁথিয়া-বেড়া আংশিক) ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ গাড়িবহর নিয়ে সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সানাউল্লাহ ছানাকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁও উপজেলা পরিষদে এক সভায় সহকারী রির্টানিং অফিসার মো. শাহীনূর ইসলাম ও সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমের সামনেই নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতা রনি বিল্লাহ। ঘটনাস্থল থেকে হামলাকারী রনি বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে তিন মাসের কারাদ্ল দেয়া হয়েছে। মান্নানকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আজহারুল ইসলাম মান্নান বলেন, এই ঘটনা প্রমাণ করে সোনারগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় দুপুরে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ নির্বাচনী প্রচারণায় বের হন। একই সময়ে আওয়ামী লীগের লোকজনও নির্বাচনী প্রচারণা শুরু করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ১৫ জন আহত হন। আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ বুধবার রাতে মিছিল বের করলে বিএনপির কার্যালয় থেকে প্রথমে ইট পাটকেল ছোড়া হয়। পরে মিছিলকারীরা প্রতিরোধ করলে নেত্রকোনা-৩ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী তার বাসার ছাদ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্তত ১০-১২ জন নেতাকর্মী আহত হন। মিছিলে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় রফিকুল ইসলাম হিলালীসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গতকাল দুটি মামলা দায়ের করা হয়। রফিকুল ইসলাম হিলালী সাংবাদিকদের জানান, মিছিলকারীরা আমার বাসায় হঠাত্ হামলা করে কয়েকটি গাড়িসহ ব্যাপক ভাংচুর করে। একপর্যায়ে আত্মরক্ষার্থে বাসার ভেতর থেকে আমি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি।
যশোর অফিস: যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণায় হামলার অভিযোগ করা হয়েছে। এতে সাংবাদিকসহ ১৯ জন আহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে।
চকরিয়া (কক্সবাজার): কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী হাসিনা আহমদ অভিযোগ করেছেন, শহরের ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় নৌকার প্রার্থী জাফর আলমের নেতৃত্বে হামলা করা হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। সন্ধ্যায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর ফের হামলা হয়েছে। তবে নৌকা মনোনীত প্রার্থী জাফর আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে নির্বাচনী প্রচারণার সময় দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ বসাককে কুপিয়ে জখম করেছে বিএনপির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গত বুধবার রাতে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঝালকাঠি : ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের গাড়িবহরে দু’দফায় হামলা ও ভাংচুর করেছে। এবিষয়ে ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন জীবা আমিনা খান। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির বলেন, এ ঘটনার সাথে আমাদের দলীয় কোন সম্পৃক্ততা নেই।
