সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নয়, এ অভিযান সবার বিরুদ্ধে চালানো হবে। বিএনপির নেতাকর্মীরা কে কী করছেন? কোথায় বসে কী অপকর্ম করছেন? সব খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সময়মতো টের পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরটা শেষ করে অপরটা ধরবেন।
গতকাল রবিবার দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ চট্টগ্রামে বিভাগের ছয় জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন নিজের ঘর থেকে। বিএনপির ফখরুলরা বড়ো বড়ো কথা বলেন, অথচ তারা পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
প্রতিনিধি সভায় জানানো হয়, আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙ্গামাটি, ২৬ নভেম্বর বান্দরবান, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সব উপজেলা সম্মেলন শেষ করে ১০ ডিসেম্ভরের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১১ নভেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
