শিবালয় (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহাসড়কের যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত উথলী বাসস্ট্যান্ডের পূর্ব দিকে ইছামতি নদীর ব্রিজের নিকট গত চার দিন যাবত্ অবৈধভাবে তোরণ নির্মাণের কাজ চলছে। স্পর্শকাতর স্থানে এভাবে তোরণ নির্মাণের কারণে যানজট পরিস্থিতি মাঝে মাঝেই তীব্র আকার ধারণ করে। সড়ক-মহাসড়কে কোনো তোরণ বা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও একশ্রেণির দলীয় নেতাকর্মী তা উপেক্ষা করে চলেছে। আরিচা ঘাটের বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও শিবালয় মডেল ইউপি গেটের নিকট প্রায় দুই বছর আগে এমন দুটি বড়ো তোরণ নির্মাণের ফলে সড়ক দুর্ঘটনা, যানজটসহ নানা অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু আবেদন সত্ত্বেও কেউ এগুলো সরিয়ে নেয়নি। সওজের উথলী সেকশন অফিস সুপারভাইজার আবুল হোসেন জানান, এসব অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে —বাবুল আকতার মঞ্জুর
