দখলদারদের হাত থেকে রেহাই পেতে ফেসবুকে নারীর আকুতি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৪

ভূমি দখলদারদের হাত থেকে নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আকুতি জানিয়েছেন সাভারের এক নারী। দীর্ঘদিন ন্যায়বিচারের আশায় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে ফেসবুকে নিজের আকুতির কথা তুলে ধরেছেন সাভার উত্তরপাড়ার মৃত মোল্লা মাইনুদ্দিন আহমেদের  মেয়ে সালমা আক্তার।

ফেসবুকে দেওয়া ভিডিওতে তিনি বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমির সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কয়েক কোটি টাকা মূল্যের ঐ সম্পত্তি স্থানীয় একটি ভূমি দখলদার চক্র পেশিশক্তির জোরে দখলের পাঁয়তারা চালাচ্ছে। থানায় একাধিক জিডি, এমনকি মামলা করেও তিনি রেহাই পাননি ঐ চক্রের কবল থেকে। উলটো তাদের হামলা ও হুমকির শিকার হয়েছেন একাধিকবার।

ভুক্তভোগী সালমা আক্তার জানান, সাভার মৌজার আরএস ১ নম্বর খতিয়ানের আরএস ৩২১, ৪২০ ও ৪২১ নম্বর দাগের ১২৩ শতাংশ ভূমির কাতে ৬৯ শতাংশ জমির মালিক ছিলেন তার বাবা মোল্লা মাইনুদ্দিন আহমেদ। বাবার মৃত্যুর পর পৈত্রিক সূত্রে মালিক হিসেবে তিনি ও তার অন্যান্য শরিকরা ঐ সম্পত্তি ভোগদখল করে আসছেন। উক্ত জমির কিছু অংশে দোকান নির্মাণ করে ভাড়াও দিয়েছেন। কিন্তু সম্প্রতি এলাকার চিহ্নিত ভূমি দখলদার মোসলেম উদ্দিন, সাহাব উদ্দিন, তসলিম উদ্দিন, শরিফ উদ্দিন, ইমান উদ্দিন, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন ও দুলাল রাজবংশী জোরপূর্বক ঐ সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি ঐ জায়গায় দোকান ভাড়া নেওয়া লোকজনদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক ভাড়াও আদায় করছে।

সালমা বলেন, এ ঘটনায় তিনি ভূমি দখলদার চক্রের বিরুদ্ধে সাভার থানায় একাধিক জিডি ও আদালতে পিটিশন মামলা (নম্বর-২৫৬/১৮) দায়ের করেছেন। আদালতের নির্দেশে সাভার উপজেলা ভূমি অফিস সব কাগজপত্র পর্যালোচনা এবং সরেজমিনে তদন্তপূর্বক আদালতে সালমার পক্ষে প্রতিবেদন দাখিল করেছে। কিন্তু ভূমি দখলদারদের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা আদালতে হাজির হচ্ছে না। সন্ত্রাসীরা পেশিশক্তির জোরে অবৈধভাবে ঐ সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। সালমা বলেন, প্রশাসনের সব জায়গায় ঘুরেও আমি ন্যায়বিচার পাচ্ছি না। তাই কোনো উপায় না পেয়ে ফেসবুকে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ভূমি দখলদার চক্রের কবল থেকে মুক্তির জন্য সাহায্যের আকুতি জানিয়েছি।