সাটুরিয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৪

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পানাইজুরী গ্রামের  মো. মোশারফ হোসেনের জমি একই গ্রামের আলী হোসেন রবিবার রাত ৩টার দিকে লোকজন নিয়ে অবৈধভাবে দখল করতে যায় এবং ঘর তৈরি শুরু করে। শব্দ পেয়ে মোশারফ হোসেন তাদের বাধা দিলে আলী হোসেনের লোকজন লাঠি, টেঁটা, রামদা, শাবল দিয়ে মোশারফ ও তার লোকজনের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোশারফ হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. আলী হোসেন ও রেহেনা বেগম আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মোশারফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা জানান, এ ব্যাপারে  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।