ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে বলে জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সেখানে একটি বিষয়ের এমসিকিউ অংশে কারিগরি ত্রুটিজনিত ভুল ধরা পড়ার পর সেই দিন রাতেই ফল স্থগিত ঘোষণা করা হয়। সংশোধিত ফলে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৫ হাজার ৮৭৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৬৮৫ জন। পাশের হার ১৫ দশমিক ৯৩ ভাগ। এর আগে প্রকাশিত ফলে পাস করেছিলেন ১১ হাজার ২০৭ জন। পাসের হার ছিল ১৩ দশমিক ০৫ শতাংশ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA ‘roll no’ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। গত ২০ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৭৯৫টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ০৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে।
