আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৫

সাভারের আশুলিয়া থেকে ওয়াসিম আকরাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে নয়ারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ওয়াসিম আকরাম ঢাকার ধামরাই থানাধীন সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসএম কাওছার সুলতান জানান, নয়ারহাট এলাকায় মাদকের একটি বড়ো চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়, পাওয়া যায় ৮০০ পিস ইয়াবা।

সুলতান আরো জানান, ওয়াসিম দীর্ঘদিন ধরে আশুলিয়া ও ধামরাই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ধামরাই থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।