প্রথম ইউনিটের অভ্যন্তরীণ কনটেইনমেন্টের প্রথম ধাপের কংক্রিট ঢালাই সম্পন্ন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কমপার্টমেন্টের অভ্যন্তরীণ কনটেইনমেন্টের (প্রতিরোধক) প্রথম পর্যায়ের কংক্রিট ঢালাই গত শুক্রবার সম্পন্ন হয়েছে। কয়েকটি ধাপে এই কনটেইনমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

রূপপুর প্রকল্পের প্রধান প্রকৌশলী এবং এটমস্ত্রয় এক্সপোর্টের বাংলাদেশ শাখার উপপরিচালক (প্রকল্প ব্যবস্থাপনা) ইউরি কোশেলেভ ২০১৯ সালের জন্য এটিকে একটি মাইলফলক কাজ হিসেবে উল্লেখ করে বলেন যে, এই কাজে ১ হাজার ১৪৫ ঘনমিটার উচ্চমানের আরসিসি ব্যবহূত হয়েছে এবং রিঅ্যাক্টর বিল্ডিং-এর উচ্চতা দাঁড়িয়েছে ৬ মিটারেরও বেশি। তিনি আরো জানান, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কমপার্টমেন্টে মূল যন্ত্রপাতি বসানোর কাজ ২০২০ সালে শুরু হবে।

জানা যায়, পারমাণবিক বিদ্যুত্ ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে এই কনটেইনমেন্ট, যা যে কোনো জরুরি অবস্থায় পার্শ্ববর্তী পরিবেশে তেজস্ক্রিয় পদার্থের নির্গমন রোধ করে। এটি একটি সিলিন্ডার আকৃতির আরসিসি কাঠামো যার উপরিভাগে থাকে অর্ধ-গোলাকার গম্বুজ (ডোম)। এর দেয়াল ১ দশমিক ২ মিটার পুরু এবং উচ্চতায় প্রায় ৭৩ মিটার। অভ্যন্তরীণ কনটেইনমেন্টকে চারদিক থেকে ঘিরে রাখে আরো একটি অত্যন্ত সুদৃঢ় কাঠামো, যা বাহ্যিক কনটেইনমেন্ট হিসেবে পরিচিত।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রে  মোট ২টি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটিতে থাকবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পটির জেনারেল কন্ট্র্যাক্টর রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল শাখা এটমস্ত্রয় এক্সপোর্ট।