ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজ উদ্দিনের সম্পদ ক্রোক করেছে দুদক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:২২

ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক তার সম্পদ ক্রোক করে। এর আগে গত ৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ রমিজের বিরুদ্ধে মামলা হয়। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

দুদক সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে রমিজ উদ্দিন সরকারের নামে রাজধানীতে পাঁচটি বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি এবং তার জন্মস্থান কুমিল্লায় কয়েকশ একর জমির সন্ধান পাওয়া যায়। অন্যদিকে রমিজ উদ্দিনের স্ত্রী সালমা পারভীনের নামেও কুমিল্লায় জমিজমা ছাড়াও পুঁজিবাজারে বড়ো অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রমিজ উদ্দিনের বিরুদ্ধে গাজীপুরে জমি বিক্রি করে হুন্ডির মাধ্যমে টাকা পাচার এবং পরে বাংলাদেশে ফেরত আনার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।