১৪ দলের চিঠির জবাব দিলেন মেনন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:২২

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের দেওয়া বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ১৪ দলের চিঠির জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করে বলেন, বরিশালে দেওয়া ঐ বক্তব্যে ‘অতিশয় উক্তি’ ঘটায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। চিঠিতে রাশেদ খান মেনন উল্লেখ করেন যে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ১৪ দলের যে বিশ্লেষণ তাতে তিনি একমত।

গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে যে বক্তব্য দেন তার ব্যাখ্যা চেয়ে গত ২৪ অক্টোবর রাতে রাশেদ খান মেননের কাছে জোটের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। গতকাল রবিবার রাতে রাশেদ খান মেনন ১৪ দলের চিঠির জবাব দিয়েছেন। ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের কাছে মেননের পক্ষে দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এ চিঠি পৌঁছে দেন। চিঠিতে মেনন তার বক্তব্য প্রসঙ্গে বলেন, আমার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ হওয়ায় এ বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল, আছে—এ নিয়ে কোনো সংশয় নেই। সংশয় থাক, এটা আমরা চাই না। এটা নিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি তৈরি হয়, কেউ যদি মনে করে, এর জন্য ১৪ দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

মেননের চিঠির জবাব নিয়ে করণীয় ঠিক করতে আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের ব্রিফিং করবেন।

এর আগে রাশেদ খান মেননের কাছে পাঠানো ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আপনার (রাশেদ খান মেনন) ঐ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারার যে অগ্রযাত্রা চলছে, সেই সময়ে আপনার এ অসত্য বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আপনার ঐ বক্তব্য ১৪ দলীয় জোটের নির্বাচন সংক্রান্ত ও বিশ্লেষণের সম্পূর্ণ বিপরীত। তাই আপনার নির্বাচন সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ জানানোর জন্য অনুরোধ করছি।’ প্রসঙ্গত, জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গত তিনটি নির্বাচনে বিজয়ী হন মেনন। এক দফায় মন্ত্রীও ছিলেন তিনি।