সব উপকমিটির কাছে খসড়া বাজেট চেয়েছে অর্থ উপকমিটি

সম্মেলন জাঁকজমকপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:২৩

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০-২১ ডিসেম্বর। এই সম্মেলন জাঁকজমকপূর্ণ করে তুলতে বড়ো রকমের পরিকল্পনা করেছেন দলটির নেতারা। গতকাল রবিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন সফল করতে গঠিত অর্থ উপকমিটির সঙ্গে বাকি ১১ উপকমিটির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে করতে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে অর্থ উপকমিটির নেতারা বাকি সব উপকমিটির কাছে খসড়া বাজেট চেয়েছেন। খসড়া বাজেট পাওয়ার পর তা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমোদন নেওয়া হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এবং সম্মেলন সফল করতে গঠিত অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে আগামী ২ নভেম্বর সন্ধ্যা ৬টায় অভ্যন্তরীণ উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ নাসিম।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব এবং কেন্দ্রীয় সব নেতাকে সদস্য করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে আগেই। জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সম্মেলন সম্পন্ন করার কাজ চলছে।