ভারতে রাম মন্দির-বাবরি মসজিদ বা অযোধ্যা মামলার শুনানি শেষ। আগামী মাসেই রায়। এর আগে ‘মান কি বাত’ অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে রান ফর ইউনিটিতে যোগদানের আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
অযোধ্যায় বিতর্কিত জমি মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। নভেম্বরের মাঝামাঝি সুপ্রিম কোর্ট রায় দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রতি মাসের শেষ রবিবার ‘মান কি বাত’ অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনাবলি, উত্সব-অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানান মোদি। অক্টোবরের ‘মান কি বাত’ এ তাই উঠে এলো অযোধ্যা মামলার কথা। প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালে যখন এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি নিয়ে রায় শুনিয়েছিল, সেই দিনগুলোকে একবার স্মরণ করুন। বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। কিন্তু যেই রায় হলো, এক আশ্চর্য ও আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিদ্বজ্জন, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাধু-সন্তরা অত্যন্ত সংযমী, সাবধানী ও পরিণত বক্তব্য পেশ করেছিলেন। এটা আমাদের শক্তি দেয়।
আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী। এই দিনে ‘রান ফর ইউনিটি’র আয়োজন করা হয়। তাতে সব শ্রেণির সব প্রান্তের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। ওইদিনই আবার ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। সেই ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দিনেই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। দেশবাসীর মনে এক বিরাট অকস্মাত্ আঘাত লেগেছিল। আজ তাকেও আমার শ্রদ্ধাঞ্জলি।’ —আনন্দবাজার পত্রিকা
