আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জে জোরেসোরে গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। প্রতিদিনই তারা উঠান বৈঠক, মতবিনিময়, পথসভা ও কর্মিসভা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ একেএম শামীম ওসমান এমপি বলেছেন, ‘আমার লজ্জা লাগে পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ বাংলাদেশ যেখানে এখনও স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে সমান তালে। আশ্রয় দেয় কে? বিএনপি ও ডক্টর কামাল হোসেনদের মতো বদমাইশরা। আমি বিএনপির বিরুদ্ধে না। কিন্তু যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে তাদেরকে তো আর সম্মান করতে পারি না। ’
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় কয়েকটি স্পটে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় জনসাধারণের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান বদু, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভীন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শামছুল আলম বাচ্চু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস াফিল প্রধান, কড়ইতলা এলাকায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, নাছির উদ্দিন, রফিকুল ইসলাম এবং হাফেজ মো:শফিউদ্দিন, পাখা শাহ এলাকায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জালকুড়ি পশ্চিম উত্তর নির্বাচন কেন্দ্র কমিটির আহবায়ক দ্বীন মোহাম্মদ দিনু প্রমুখ।
গাজীপুর ঃ আধুনিক ও মানবিক শহর গঠনে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজ। তিনি বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার লতিফপুর জামিয়া উলূমে শারইয়্যাহ মাদরাসা ও এতিমখানা মাঠে নির্বাচনী এলাকার তিন শতাধিক মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামা মাশায়েখ ও মসজিদের ইমামের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাভোকেট শামসুল আলম প্রধান, আওয়ামী লীগ নেতা ও আদালতের পিপি এ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি কাজী মইনুদ্দিন, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর)ঃ গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতিদিনই তার নির্বাচনী এলাকার কোথাও না কোথাও পথসভা, গণসংযোগ, কর্মিসভা ও উঠান বৈঠক করছেন।
প্রতিমন্ত্রী চুমকি বলেন, বর্তমান সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই তিনি আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় সরকার গঠনের সুযোগ দিতে নারীদের প্রতি আহ্বান জানান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মী একাট্টা হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলায় এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী নৌকার বিজয়ের লক্ষ্যে একাট্টা হয়েছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানেই দেশের উন্নয়ন। এই উন্নয়নের ধারাবাহিকতা সমুন্নত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি সকল নেতাকর্মীকে একত্রে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাস প্রমুখ। এদিকে বুধবার বিকালে রূপগঞ্জে যুবলীগের উদ্যোগে গণসংযোগ, র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। তারাব পৌরসভার যাত্রামুড়া, দিঘীবরাব, বরাব, মোগরাকূল, রসুলপুর, প্রবনকূল সহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ, র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)ঃ উপজেলার লতব্দী বিএনপি’র উদ্যোগে ক্ষিদিরপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক উপ-প্রধানমন্ত্রী ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘এখনো ফিল্ড লেভেল হয়নি। আমার উপর হামলা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কেউ আমার সাথে এমন ন্যক্কারজনক কাজ করেনি। লতব্দি ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আক্কাস নাদিম, জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান প্রমুখ।
