আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ

রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে সুমন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া নগড় এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত সুমন মিয়া মুড়াপাড়া নগড় এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুড়াপাড়া এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধের কারণে সুমন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত দুই বছর আগে সুমন মিয়া মাদক ব্যবসাসহ অপরাধ ছেড়ে দিয়ে নিজ এলাকায় হাঁস-মুরগি ও মাছের খামারের ব্যবসা শুরু করে। এর আগে মাদক ব্যবসাসহ আধিপত্য বিস্তার নিয়ে মুড়াপাড়া নগড় এলাকার সন্ত্রাসীদের সঙ্গে সুমন মিয়ার বিরোধ চলছিল।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী হাঁস-মুরগি ও মাছের খামারের সামনে রামদাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সুমনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে হামলাকারীরা সুমনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়। নিহত সুমন মিয়ার মা নার্গিস বেগম জানান, তার ছেলে সুমন বর্তমানে সত্ পথে উপার্জন করে সংসার চালাচ্ছিল। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

নিহত সুমনের ফুফু আছমা বেগম জানান, সুমনের উপর অতর্কিত হামলা করার সময় তার ছেলে ফালান মিয়া বাঁচাতে গেলে ফালানের উপর হামলার চেষ্টা চালানো হয়। এসময় ফালান দৌড়ে পালিয়ে বেঁচে যায়। এ ঘটনার পর মুড়াপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে, সুমন হত্যাকাণ্ডের ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম মুড়াপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, আমি সবে মাত্র যোগদান করেছি। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।