দিওয়ালির আতশবাজিতে ভয়াবহ বায়ুদূষণে নাকাল দিল্লি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৬:২২

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দিওয়ালি উপলক্ষে আতশবাজিতে ভয়াবহ বায়ুদূষণের মুখে পড়েছে রাজধানী শহর দিল্লী। বিশ্বে বায়ু দূষণে শীর্ষ নগরীর তালিকায় রয়েছে দিল্লী। দূষণ ঠেকাতে দিওয়ালি উপলক্ষে আতশবাজির উপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকলেও তা মেনেছে খুব কম সংখ্যক মানুষ। খবর আল-জাজিরার।

জানা যায়, দিল্লিতে রোববার রাত এবং সোমবার সকালে দিওয়ালি উপলক্ষে বছরের সবচেয়ে বড় আতশবাজি হয়। এতে সোমবার সকালে লাল কেল্লা ও ইন্ডিয়া গেট এলাকা ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে। দিল্লির রাস্তা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ফলে গাড়ি চলাচল ব্যহত হচ্ছে। বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে ওই এলাকার মানুষ স্বাভাবিক শ্বাস নিতে পারছেন না। 

বায়ুদূষণের কথা মাথায় রেখে দিওয়ালির আগে আতশবাজি নিষিদ্ধ করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করেই কয়েক হাজার মানুষ আতশবাজিতে অংশ নিয়েছে।

আরও পড়ুন:  মেননের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট: নাসিম

দূষণের মাত্রা পরীক্ষা করে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বর্তমান অবস্থাকে খুব নাজুক বলে উল্লেখ করা হয়েছে। সোমবার সকালে দিল্লির কোন কোন এলাকায় বায়ুতে দূষণের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বায়ু প্রবাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। 

উল্লেখ্য, দিল্লিসহ ভারতের অন্যান্য শহরে বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর ১০ লক্ষ মানুষ মারা যায়। শীতকালে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সরকার এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

ইত্তেফাক/এসইউ