খান মোহাম্মদ খালেদ
কত খেকো আর খোর
আছে এই দেশে
নানাকিছু খায় ওরা
তৃপ্তিতে হেসে,
বোঝা দায় কখন কে চলে কোন বেশে!
ঘুষখোর ঘুষ খায়
সুদখোর সুদ
মদখোর মদ খেয়ে
হয়ে থাকে বুঁদ—
নেশাখোর মানুষের রয় কত খুঁত!
বালুখেকো বালু খায়
নদীখেকো নদী—
নদী খেয়ে গড়ে ওরা
আরামের গদি,
দেশটাও খেয়ে নিত পারা যেত যদি।
পাহাড়খেকোরা আজ
খাচ্ছে পাহাড়
মাটি কেটে নিয়ে যেন
সারছে আহার,
এইভাবে নাশ করে প্রাকৃতবাহার।
খোর-খেকো কেউ খেয়ে
করে নিজ ক্ষতি,
এরকম লোকদের
কী যে দুর্মতি—
খেয়ে ওরা দেশটারও ক্ষতি করে অতি।
এই খোর-খেকোদের
নাই কোনো লাজ,
দেশটার কথা ভেবে
ওদেরকে আজ—
রুখে দেয়াটাই হবে মঙ্গলকাজ।
