চার ছিনতাইকারী গ্রেফতার বাকি ৪ জনকে ধরতে অভিযান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৩

ফতুল্লায় পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ সদস্য গুলিবিদ্ধের ঘটনা উদঘাটন হয়েছে। দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও পুরাতন সড়কে মোটরসাইকেল যোগে ছিনতাই করে। ওইদিনও ছিনতাইয়ের উদ্দেশ্যে এসে পুলিশের চেকপোস্টে আটক হওয়ার ভয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের দলে ওইদিন ৮ জন ছিল। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। অপর ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ এ সব তথ্য জানতে পেয়েছে।

মামলা তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম এ মুহূর্তে বলা যাচ্ছে না। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশের উপর গুলি করার বিষয়টি স্বীকার করে তাদের সাথে থাকা অপর ছিনতাইকারীদের নাম প্রকাশ করেছে। উল্লেখ্য, ২৩ অক্টোবর দুপুরে ফতুল্লা মডেল থানার এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বের পুলিশের একটি টিম পাগলা চেকপোস্টে যানবাহনে তল্লাশি করার সময় রাজধানী থেকে পঞ্চবটি পর্যন্ত চলাচল করা বোরাক পরিবহনের একটি বাস থামানো হয়। বাসে উঠে কনস্টেবল সোহেল তল্লাশির সময় এক যুবক পুলিশের উপর চড়াও হয়ে পিস্তল বের করে। এ সময় পিস্তলটি ধরার চেষ্টা করলে কনস্টেবল সোহেলের সঙ্গে ওই যুবকের হাতাহাতি হয়। একপর্যায়ে ওই যুবক কনস্টেবলের বাম পায়ে হাঁটুর উপর গুলি করে পালিয়ে যায়।