সৌরভের কারণেই ওপেনার শেবাগ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

খুব কেতাদুরস্ত ব্যাটসম্যান ছিলেন না। ছিলেন খুনে ব্যাটসম্যান। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে ইতিহাসের সংক্ষিপ্ত তালিকায় ঢুকে গেছেন। সব ফরম্যাটে ইনিংস শুরু করতে গিয়ে বিধ্বংসী সব ইনিংস খেলেছেন বীরেন্দর শেবাগ। কিন্তু শেবাগ ওপেনার হলেন কী করে?

শেবাগ ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। সেখান থেকে তার ওপেনার হয়ে ওঠার রহস্য নিয়ে কম আলোচনা হয়নি। এবার তিনি নিজেই এক কলামে লিখে জানালেন, সে সময়ের ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চাওয়াতেই তিনি হয়েছিলেন ওপেনার। বিস্তারিত করে সেই ঘটনা লিখেছেন শেবাগ, ‘প্রায়ই এ প্রশ্নের মুখোমুখি হই আমি—মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে কী করে ওপেনার হয়ে গেলাম, জানতে চাওয়া হয়। টপ অর্ডারে আমার নামার নেপথ্যে বিশাল ভূমিকা রয়েছে দাদার। আমাকে একদিন ওপেন করতে বলেছিল দাদা। তখন থেকেই এর সূত্রপাত। আমি পালটা বলেছিলাম, তুমি কেন ওপেন করছ না? তুমি তো ওপেন করো, এমনকি শচীনও ওপেন করে।’

এরপর শেবাগ বলেছেন, আসলে তার ক্যারিয়ার বাঁচাতেই এই সুযোগটা দিয়েছিলেন সৌরভ। তিনি বলেছেন, এই একটা উপায়ই আছে শেবাগের ভারতীয় দলে নিয়মিত হওয়ার, ‘সৌরভ বুঝিয়েছিল যে ওপেনারের জায়গা ফাঁকা রয়েছে। তাই আমি যদি ওপেন করি, তবেই টেস্ট দলে আমার জায়গা নিশ্চিত হবো। কিন্তু আমি যদি ওপেন না করি, মিডল অর্ডারেই খেলতে চাই, তা হলে কেউ চোট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দাদা এর পর বলেছিল যে, ওপেনার হিসেবে আমাকে তিন থেকে চার ইনিংস সুযোগ দেওয়া হবে। আমি যদি ব্যর্থও হই, তা হলেও দাদা আমাকে খেলিয়ে যাবে বলেছিল। আর বাদ দেওয়ার আগে মিডল অর্ডারে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই কারণেই টেস্টে ওপেন করতে রাজি হয়েছিলাম।’

এই যে বাদ না দেওয়ার প্রতিশ্রুতি, একটা তরুণ ব্যাটসম্যানের জন্য এটাকে বিরাট একটা পাওয়া বলছেন শেবাগ। তিনি বলছেন অধিনায়কের এই ধরণের আচরণ খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, ‘এটা ছিল ফেয়ার ট্রিটমেন্ট। এই ধরনের স্বচ্ছতাই একজন অধিনায়কের ওপর বিশ্বাস তৈরি করে ক্রিকেটারের মনে। এটা আমাকে প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছিল। ভেবেছিলাম, দাদা যখন আমার ওপর এত ভরসা রাখছে, চেষ্টা করেই দেখা যাক না। আমি যা হয়েছি, তা কিন্তু দাদার জন্যই।’