জাতীয় ক্রিকেট লিগ
চুক্তিতে ৯৬ প্রথম শ্রেণির ক্রিকেটার
স্পোর্টস রিপোর্টার
ধর্মঘট অবসানের পর গত ২৩ অক্টোবর সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ১১ দফার ৯টি দফা মেনে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। গতকাল বিকাল পৌনে ৫টায় বিসিবি সভাপতি মিরপুর স্টেডিয়ামে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যেই আসল আনুষ্ঠানিক ঘোষণা।
সপ্তাহ না পার হতেই আন্দোলনের ফল পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ক্রিকেটারদের ম্যাচ ফি, ভ্রমণ ও দৈনিক ভাতা উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে বিসিবি। এবং এনসিএলের প্রথম রাউন্ড থেকেই এই কাঠামো কার্যকর করার ঘোষণা দিয়েছে বিসিবি।
চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও বেড়েছে বেশ। জাতীয় দলের বাইরে বিসিবির চুক্তিতে এতদিন ছিলেন ৭৯ ক্রিকেটার। গতকাল ঘোষিত নতুন কাঠামোতে বিসিবির বেতনের আওতায় ঠাঁই পেলেন ৯৬ ক্রিকেটার। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এখন জাতীয় দলের ১৮ ক্রিকেটার রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ও জাতীয় দল মিলে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা এখন ১১৪ জন।
এনসিএলের প্রথম স্তরের ম্যাচ ফি ৩৫ থেকে বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। শতকরা ৭১ ভাগ বাড়ানো হয়েছে এই স্তরের ম্যাচ ফি। দ্বিতীয় স্তরে ম্যাচ ফি বাড়ানো হয়েছে শতভাগ। দ্বিতীয় স্তরের দলগুলোর ক্রিকেটারদের ম্যাচ ফি ২৫ থেকে ৫০ হাজারে উন্নীত হয়েছে।
উভয় স্তরের ক্ষেত্রেই ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা ৬৭ ভাগ বাড়ানো হয়েছে। ভ্রমণ ভাতা ২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ করা হয়েছে। উভয় স্তরের ক্রিকেটারদের দৈনিক ভাতা ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ করা হয়েছে।
এই মৌসুম থেকেই প্রথম শ্রেণির টুর্নামেন্টে দলগুলোর যাতায়াতের জন্য এসি বাস দেওয়া হবে। এছাড়া হোটেলে আবাসনের মানের দিক ৮০ ভাগ, খাবারের মান ৮৫ ভাগ বাড়ানো হয়েছে। গতকাল এই ঘোষণার মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল বিসিবি। যদিও ১১ দফা দাবিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ টাকা চেয়েছিলেন ক্রিকেটাররা।
বিসিবির সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে এনসিএলে ফিরে গেছেন ক্রিকেটাররা। চার ভেন্যুতে এখন এনসিলের তৃতীয় রাউন্ড চলছে। ম্যাচ চলাকালীনই বিসিবির ঘোষণা পেয়ে খুশি ক্রিকেটাররা। বিসিবিকে ধন্যবাদও দিয়েছেন তারা। গতকাল জানতে চাইলে নুরুল হাসান সোহান বলেছেন, ‘বেতনভাতা বৃদ্ধি সবসময় ক্রিকেটারদের জন্য ভালো খবর। বিসিবিকে ধন্যবাদ। বিসিবি আমাদের ম্যাচ ফি, ভাতা বাড়িয়েছে শুনেছি। ভালোই লাগছে।’
প্রথম স্তর
ম্যাচ ফি ভ্রমণ ভাতা দৈনিক ভাতা
আগে ছিল ৩৫ হাজার ২ হাজার ৫০০ ১ হাজার ৫০০
বৃদ্ধির পর ৬০ হাজার ৩ হাজার ৫০০ ২ হাজার ৫০০
বৃদ্ধির হার ৭১ ভাগ ৬৭ ভাগ ৬৭ ভাগ
দ্বিতীয় স্তর
ম্যাচ ফি ভ্রমণ ভাতা দৈনিক ভাতা
আগে ছিল ২৫ হাজার ২ হাজার ৫০০ ১ হাজার ৫০০
বৃদ্ধির পর ৫০ হাজার ৩ হাজার ৫০০ ২ হাজার ৫০০
বৃদ্ধির হার ১০০ ভাগ ৬৭ ভাগ ৬৭ ভাগ
(২১তম জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই এই কাঠামো কার্যকর হবে।)
