আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত সকল প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, নির্বাচনী পোস্টার, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণের কাজ শুরু করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এ অপসারণ কাজ শুরু হয়।
জানা গেছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, তানভীর আল নাসীফ, কাউছার আহাম্মেদ রবিবার গাজীপুর শহরের রাজবাড়ি সড়ক, চান্দনা চৌরাস্তা, টংগী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এছাড়া শ্রীপুর, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারগণ ওইসব উপজেলার বিভিন্ন স্পটে উপর্যুক্ত প্রচারণা সামগ্রীসমূহ অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার শ্রীপুরের মাওনাসহ বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কের অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় আগামী ১৪ নভেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে এসব স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে।
কাপাসিয়ায় বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার নেতৃত্বে গতকাল সকালে কাপাসিয়া শহরের বিভিন্ন সড়ক ও সড়কের আশেপাশে লাগানো অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল প্রচার সামগ্রী উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। এ সময় কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
