স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা তেরেঙ্গানু এফসি আজ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগানের। গ্রুপ পর্বে ব্রুনো সুজুকি আর লি টাকের ব্যক্তিগত নৈপুণ্যে উতরে যাওয়া তেরেঙ্গানু ম্যাচটাকে কঠিন ভাবছে। তবে দলটির কোচ দাবি করলেন, স্বাভাবিক খেলাটা ধরে রেখেই ফাইনালে যেতে হবে তাদের। অন্যদিকে মোহনবাগানের চাওয়া দলের উন্নতির ধারাটা ধরে রাখা। প্রথমবারের মতো বন্দরনগরীর এই টুর্নামেন্টে আসা দুই দলই জানিয়েছে ফাইনালের জন্য আত্মবিশ্বাসী তারা।
তেরেঙ্গানু এফসি মালয়েশিয়ান সুপার লিগে সপ্তম হয়ে শেষ করলেও সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচ ধরে হারের মুখ দেখেনি। তবে দলটির কোচ নাফুজি জেইন জানাচ্ছেন, সে আট ম্যাচ থেকে আজ মঙ্গলবারের লড়াইটা ভিন্নতর হবে। তার ভাষ্য, ‘গ্রুপ পর্বের ম্যাচ আর নক আউট পর্বের ম্যাচে পার্থক্য আছে। দুটোর চাপটা মোটেও এক নয়। তাই সেমিফাইনালে ভালো খেলা না খেলাতেই নির্ভর করছে আমাদের ফাইনালে যাওয়া।’
গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে নয় বার বল জড়িয়েছে লি টাকের দল। ‘বি’ গ্রুপে বসুন্ধরাকে শেষ ম্যাচে ৪-২ গোলে হারানোর আগে প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-৩ গোলে হারিয়েছিল মালয়েশিয়ান ক্লাবটি। প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে হওয়া দুটো হ্যাটট্রিকই এসেছে তেরেঙ্গানু খেলোয়াড়দের পা থেকে। ব্রাজিলিয়ান-জাপানি খেলোয়াড় ব্রুনো সুজুকি আর ইংলিশ ফরোয়ার্ড লি টাকের পা থেকে এসেছি হ্যাটট্রিক দুটি।
গ্রুপ পর্বের পারফরম্যান্সই দলটিকে আত্মবিশ্বাস জোগাচ্ছে জানালেন দলটির অধিনায়ক লি টাক, ‘গ্রুপ পর্বে ভালো ফুটবল উপহার দিয়েছি আমরা। দলটা দারুণ ছন্দে আছে। অনুশীলনও ভালো হয়েছে। গ্রুপ পর্বে ভারতীয় ও বাংলাদেশি দলের বিপক্ষে খেলেছি আমরা। তাই এই ম্যাচের চাপটা মোটেও অনুভব করছি না আমরা।’
অন্যদিকে মোহনবাগান প্রতিযোগিতার শুরুর ম্যাচে হেরে বসেছিল ইয়ং এলিফ্যান্টসের কাছে। তবে এর পর থেকেই কলকাতার দলটিতে উন্নতির ছাপটা স্পষ্ট। টিসি স্পোর্টস আর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাত্র তিন গোল করেও দলীয় নৈপুণ্যের জোরেই জিতে গিয়েছিল তারা।
ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী দলটির কোচ কিবো ভিকুনা জানালেন উন্নতির ধারাটা ধরে রাখতে পারলেই ফাইনালে যেতে পারবে দলটি। স্প্যানিশ কোচের ভাষায়, ‘প্রথম ম্যাচে হারের পর নিজেদের গুছিয়ে নিয়েছে দলটা। প্রতি ম্যাচেই উন্নতি করছে ছেলেরা। উন্নতির ধারাটা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য।’
টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দলের বিপক্ষে খেলতে নেমেও বাড়তি চ্যালেঞ্জ অনুভব করছেন না গোলরক্ষক দেবজিত মজুমদার। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই একটা নতুন ম্যাচ। সব ম্যাচই আমার কাছে সমান। কারা বেশি গোল করেছে কারা করেনি এটা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য ভালো একটা পারফরম্যান্স দিয়ে ফাইনাল নিশ্চিত করা।’
