পিএসজির বড়ো জয় আনলেন এমবাপ্পে-ইকার্দি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:২০

স্পোর্টস ডেস্ক

বড়ো জয় পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। রোববার রাতে পুরোনো প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দিয়েছে তারা। পার্ক ডি প্রিন্সেসে দুটি করে গোল করেন আর্জেন্টিনার মাউরো ইকার্দি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

গত পাঁচ ম্যাচে ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার ইকার্দি এই নিয়ে সপ্তম গোল করলেন। আর এ কারণেই আরো একবার এবারের মৌসুমে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানিকে মূল একাদশের বাইরে রেখেছিলেন পিএসজি বস থমাস টাসেল।

ম্যাচ শেষে ইকার্দি বলেছেন, ‘পিএসজিতে আসার পর আমি জানতাম এখানে গোল করার বিকল্প নেই। এই একটি কাজ আমি সবসময়ই করতে চাই, এখানে আসার পরও তার ব্যতিক্রম হয়নি। এখানে আমি বেশ কিছু অসাধারণ খেলোয়াড়ের সান্নিধ্য পেয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত খেলা ক্লাবগুলোর মধ্যে পিএসজিই সেরা।’

অন্যদিকে মার্সেই কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস মনে করেন দ্বিতীয়ার্ধে তার দল ভালো করেছে, ‘ ম্যাচে দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে খেলেছি তাতে আমি দারুণ গর্বিত। কিন্তু পিএসজির বিপক্ষে এই ধরনের ফলাফলে কার্যত আমি আগ্রহী নই। আমাদের লক্ষ্য সবসময়ই শিরোপা জয় করা।’