মধ্য কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটির মধ্য কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। বিদ্যালয় ভবনটি এতই ঝুঁকিপূর্ণ যে সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে দিন দিন শিক্ষার্থী সংখ্যাও কমে যাচ্ছে।
১৯৯৬ সালে নির্মিত এ বিদ্যালয় ভবনটি সংস্কারের অভাবে ধীরে ধীরে শ্রেণিকক্ষগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদ ও দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময়ে ছাদ চুইয়ে পানি পড়ছে মেঝেতে, খসে পড়েছে পিলারের ইট বালু।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সাকিব জানায়, বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে বইখাতা ভিজে যায়। ক্লাসের মেঝেতে পানি জমে থাকে। তাছাড়া প্রায়ই পলেস্তারা খসে বেঞ্চে পড়ে থাকে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিমা আক্তার জানান, ঝুঁকি নিয়ে এ ভবনে পাঠদান চলে। এছাড়া গত আগস্ট মাসের শুরুতে মৌসুমি জোয়ারের পানিতে শ্রেণিকক্ষগুলো তলিয়ে গিয়েছিল। এতে ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চায় না।
মধ্য কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কবির হোসন জানান, বর্তমানে বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। গত অর্থবছর স্লিপ প্রকল্পের বরাদ্দের টাকা থেকে কিছু কাজ করানো হয়েছে। তবে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সংস্কার বরাদ্দ জরুরি বলেও জানান তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাম্মেল হোসেন জানান, পলেস্তারা খসে পড়ে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল জানান, ঝুঁকিপূর্ণ ঐ বিদ্যালয় ভবন মেরামতের জন্য আগামী অর্থবছর সংস্কার বরাদ্দের জন্য তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
