চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা চামেলী বালা পাঠক সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে সোমবার গুরুদাসপুর-চাটমোহর সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত ২১ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে কর্মস্থল থেকে চাটমোহরে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি যাত্রী প্রভাষক চামেলী বালা পাঠক নিহত হন। চাটমোহর-ছাইকোলা সড়কের ছাইকোলা সবুজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাইকোলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার আমরা কলেজ ক্যাম্পাসে শোকসভার আয়োজন করি। কিন্তু কতিপয় শিক্ষার্থী কলেজ থেকে বের হয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। শিক্ষিকার মৃত্যুর বিষয়ে অভিযোগ কেউ করেনি। মাইক্রোবাস ও সিএনজি আটক করা হয়েছে।
