বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষের সহিংসতা এড়ানো উচিত। কারণ সহিংসতা গণতন্ত্রের কোনো পন্থা হতে পারে না। আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একইভাবে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণার আহ্বান জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করে। আমি বলেছি, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক ভালো, তাই প্রত্যাশা করছি এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। জনগণ উত্সবমুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। যাতে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে। তিনি সাংবাদিকদের আরো বলেন, নির্বাচনী সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ। তবে এই পরিস্থিতিতে আমরা নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছি।
