গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি নিয়ে ইসিতে বিএনপি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করে তা বন্ধে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। এ পরিস্থিতিতে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আসে একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন। পরে বিএনপির যুগ্ম মহাসচিব  মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ২৫ মিনিট দাঁড় করিয়ে চিঠিটা ফ্রন্টডেস্কে রিসিভ করা হলো। এখান থেকেই বোঝা যায় আচরণটা আমরা মাঠ পর্যায়ে কেমন পাচ্ছি।

আলাল বলেন, এবারের নির্বাচনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা যেন আওয়ামী লীগের সঙ্গে নয়, মনে হচ্ছে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নামে যারা আছেন তারা। সরকার দলীয় এমপি, মন্ত্রী ও প্রার্থীদের পুলিশ ঠিকই নিরাপত্তা দিচ্ছে, প্রটোকল দিচ্ছে আর আমাদের প্রার্থীদের ধরছে, পেটাচ্ছে ও গ্রেফতার করছে।

গাজীপুরে বিএনপির প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে বৃহস্পতিবার বিকালে আটক করা হয়েছে বলে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগে জানায় প্রতিনিধি দল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজধানীর উত্তরাতেও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হয়েছে। আসম আব্দুর রব ও মাহমুদুর রহমাান মান্নার ওই প্রচারণায় অংশ নেয়ার কথা ছিল। প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে, এবং সভাটি পণ্ড করে দেয়া হয়েছে। এছাড়া ঢাকা-১, নরসিংদী-২, ময়মনসিংহ-২, ময়মনসিংহ-৩, ময়মনসিংহ-১১, মাগুরা-১, কুষ্টিয়া-৩, মাগুরা-২, টাঙ্গাইল-৭, ফরিদপুর-২, ঢাকা-২, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৩, পটুয়াখালী-১, মৌলভীবাজার-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৩, নেত্রকোনা-৩, মানিকগঞ্জ-৩, চাঁদপুর-৪, নওগাঁ-২, রাজশাহী-৪ ও রাজশাহী-৬ আসন এলাকায় জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, আটক, গণগ্রেপ্তার ও পুলিশ প্রশাসনের হয়রানির বিষয়ে অভিযোগ জানানো হয়। ঢাকায় বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের ওপর হামলার বিষয়ে কমিশনকে অবহিত করে প্রতিনিধি দল।

আলাল বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো ১৫ তারিখ। পরে আবার বলা হলো ২৪ তারিখ। সেটা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।

বিএনপির নিজস্ব ওয়েবসাইট বিএনপি বাংলাদেশ ডটকম বন্ধ করা হয়েছে বলেও জানান আলাল। ওয়েবসাইটটি দ্রুত খুলে দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিতে ইসিকে বলা হয়েছে। এছাড়া, বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করলে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সে বিষয়েও ইসিকে অবহিত করা হয়।