টাঙ্গাইল জেলার ধনবাড়ী-মধুপুরের প্রধান সমস্যা হচ্ছে সড়ক যোগাযোগব্যবস্থা। শুধু ধনবাড়ী-মধুপুর নয়, বরং ঢাকা-জামালপুর রুটে সড়কপথে যাতায়াতকারী সকলেরই সমস্যা। বিশেষ করে, ধনবাড়ী-মধুপুরবাসী ঢাকার ৩ ঘণ্টার যাত্রা ৭/৮ ঘণ্টায় হোক, তা চায় না। ৯৯% ধনবাড়ী-মধুপুরবাসী মনে করেন যে, ধনবাড়ী-মধুপুর থেকে ঢাকায় যাতায়াতের বিদ্যমান সড়ক যোগাযোগব্যবস্থা মারাত্মকরকম ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার খবর আমরা জানতে পারছি। এই রুটে (ধনবাড়ী-মধুপুর-ঢাকা) ভালো মানের সরকারি বা বেসরকারি পরিবহনের কোনো বাস না থাকায় দুর্ঘটনা দিন দিন বাড়ছে। তবে একটিমাত্র বেসরকারি বাস সার্ভিস থাকলেও এর সেবার মান নিয়ে স্থানীয়রা ত্যক্ত, বিরক্ত ও অতিষ্ঠ। পুরনো ফিটনেসবিহীন বাসগুলোই তাদের সম্বল। ধনবাড়ী-মধুপুরবাসীদের এই সমস্যার দ্রুত সমাধান হিসেবে বাংলাদেশ সরকারের একমাত্র বাস সার্ভিস বিআরটিসির সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. শাহীদুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
