আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গাজীপুর আদালতে নেওয়া হচ্ছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত্ হোসেন সবুজ জানান, গতকাল সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তিনি বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেফতার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি।
এদিকে গাজীপুরে ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদকে আটক করেছে পুলিশ। ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম শহীদকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে রাতে গ্রেফতার করে।
