ভোলার মনপুরায় চর পিয়ালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সাকুচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার নজরুলকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাকে ভোলার জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ধর্ষণের শিকার গৃহবধূ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থেকে গত শনিবার তার আড়াই বছরের শিশু সন্তানকে নিয়ে মনপুরা যাওয়ার উদ্দেশে উপজেলার বেতুয়া লঞ্চঘাটে আসেন। লঞ্চ না পেয়ে স্পিডবোটে চড়েন। স্পিডবোটে চার জন যাত্রী ছিলেন। পথিমধ্যে বোটটি চর পিয়ালে নিয়ে চার যাত্রী তাকে গণধর্ষণ করেন। এ সময় শিশুটি স্পিডবোটে কাঁদছিল। চালক মো. রিয়াজ স্পিডবোটের মালিক ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলকে জানালে তিনি অপর একটি স্পিডবোটে চর পিয়ালে এসে গৃহবধূকে ধর্ষণ করেন। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। তিনি আরো জানান, অভিযুক্ত অন্যদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূ বাদী হয়ে নজরুল ইসলাম, বেলাল পাটোয়ারী, মো. রাসেদ পালোয়ান, শাহীন খান ও কিরনকে আসামি করে মনপুরা থানায় একটি ধর্ষণ মামলা করেন।
