মোবাইল ফোনের কলরেট বৃদ্ধির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

মোবাইল ফোনের কলরেট বৃদ্ধি ও কলড্রপে চার্জ কাটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এছাড়া কলড্রপ-অনাকাঙ্ক্ষিত ক্ষুদে বার্তা-বর্ধিত কলরেট-ট্যারিফ চার্জ না বাড়ানো এবং ঘোষিত ফোর-জি সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে বিদ্যমান কলরেট পর্যালোচনা করতে একটি কমিটি গঠনের ব্যাপারে পদক্ষেপ নিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে গ্রামীণফোনসহ সকল মোবাইল ফোন অপারেটর ও সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

মোবাইল ফোনের গ্রাহকদের অধিকার রক্ষার নির্দেশনা চেয়ে রিট করেন সাংবাদিক এম. বদিউজ্জামান ও মেহেদী হাসান ডালিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ ও আইনজীবী রাশিদুল হাসান।