কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশি ভেবে হত্যা করার পর জানা গেছে নিহত ব্যক্তি ভারতীয়। খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে গেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, নিহত ব্যক্তির নাম আখেরুল শেখ (১৮)। তিনি সীমান্তের নিকটবর্তী কুচবিহার জেলার দিনহাটার দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫ নম্বর মেইন পিলার এবং ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝখানে জিরো পয়েন্টে গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশি সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি গরুর বাছুর পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে যায়। ঐ সময় সীমান্তে বিএসএফের টহল ও আনাগোনা বৃদ্ধি পায়। এদিকে নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় নাগরিক তা নিয়ে সংশয়ে পড়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। এক পর্যায়ে বিএসএফ লাশটি ভারতীয় নাগরিকের বলে শনাক্ত করে। বিজিবির ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক জানান, নিহত ব্যক্তি ভারতীয় বলে বিএসএফ জানিয়েছে। পরে ভারতীয় পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ভোরে গরু পার করার সময় বিএসএফ বাংলাদেশি ভেবে গুলি করলে আখেরুল শেখ মারা যান।
কুড়িগ্রাম-২২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
