‘একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে’

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২২:২৩

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণের লক্ষ্যে আমাদেরকে অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতিসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখনই সুযোগ আসবে তখনই তাতে অংশগ্রহণ করতে হবে। দেশের অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে।’

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে গতকাল সোমবার কোর অব ইঞ্জিনিয়ার্সের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করেছে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং। ঐ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। সেনাবাহিনীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও সদিচ্ছায় ইতিমধ্যেই সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। সেনাপ্রধান আরো বলেন, কোর অব ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশগঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কক্সবাজার সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ নির্মাণ, বিভিন্ন জাতীয় মহাসড়ক প্রকল্প, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প, এয়ারপোর্ট রোডের আন্ডারপাস, মিরপুর ফ্লাইওভার, রুমা ও থানচি ব্রিজ নির্মাণ, উখিয়া ও রামুতে বৌদ্ধবিহার নির্মাণ ও সংস্কার, পদ্মা বহুমুখী সেতুর সংযোগ সড়ক ও রেলওয়ে লিংক প্রজেক্টের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি দল জেনারেল আজিজ আহমেদকে গার্ড অব অনার প্রদান করে এবং তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

অনুষ্ঠানে সাবেক সেনা প্রধান ও কর্নেল কমান্ড্যান্ট লে. জেনারেল এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক, ময়মনসিংহ সেনানিবাসের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ড্যান্ট লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বগুড়া ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আলম, সাবেক কর্নেল কমাড্যান্ট লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক কর্নেল কমাড্যান্ট লে. হাবিবুর রহমান, সাবেক কর্নেল কমাড্যান্ট মেজর জেনারেল আব্দুল ওয়াদুদ এবং কাদিরাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।