সড়ক ও আকাশ পথে গোয়েন্দা সংস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় উখিয়া টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারিরা রুট পরিবর্তন করেছে। তারা এবার মাছ ধরার ট্রলারযোগে সরাসরি ইয়াবার বড়ো বড়ো চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। গত ২৭ অক্টোবর রবিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৫ সদস্যরা ইনানী চ্যানেলে অভিযান চালিয়ে ৪০ কোটি টাকা মূল্যের ৮ লাখ ইয়াবাসহ টেকনাফের উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা মো. হোছনের ছেলে জামালকে গ্রেফতার করেছে।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড়ো চালান ইনানীর হোটেল রয়েল টিউলিপের এক কিলোমিটার দক্ষিণে পাটুয়ার টেকের পশ্চিমে ইনানী চ্যানেল দিয়ে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দ্রুত অভিযান পরিচালনা করেন।
