ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ব্রিটেনকে আরো তিন মাস সময় দেওয়া হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেন সময় পাবে। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এই সিদ্ধান্তকে ‘ফ্লেক্সটেনশন’ বলে উল্লেখ করেছেন। অর্থাত্ নমনীয় সময় বৃদ্ধি। খবর বিবিসির
ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ব্রিটেন ৩১ জানুয়ারির আগেও ইইউ থেকে বেরিয়ে যেতে পারবে। অর্থাত্ ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশ হলে বেরিয়ে যেতে পারবে প্রধানমন্ত্রী বরিসের সরকার। ইইউ এই সিদ্ধান্তের কথা এমন সময় জানাল যখন প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী ১২ ডিসেম্বর নির্বাচন আয়োজনে পার্লামেন্টে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসএনপি এবং লিব ডেমস ৯ ডিসেম্বর নির্বাচনের কথা বলেছে। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, এসএনপি এবং লিব ডেমস এর সঙ্গে মিলিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে সরকার। বিরোধী লেবার পার্টি প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে সরকার যে কোনোভাবে ক্রিসমাসের আগেই নির্বাচনের চেষ্টা চালাবে। অর্থাত্ প্রয়োজনে দুই দলের নির্বাচনী প্রস্তাবকেই সমর্থন দেবে বরিসের সরকার। এর ফলে লেবার পার্টির নেতা জেরেমি করবিন শেষ পর্যন্ত ব্রেক্সিট লড়াইয়ে জয়ী হতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
