বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে উদ্যোক্তাদের আস্থা বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এর জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে আস্থা বাড়ালেও জরিপে মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় হার, মজুরি ও ব্যাংক সুদের হারসহ অন্যান্য ইস্যুতে ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়টিও উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ।
বিল্ড চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে দেশের উত্পাদন ও সেবা খাতের ২৫০ জন উদ্যোক্তার মধ্যে অনলাইন জরিপ পরিচালনা করে। জরিপে সাতটি সূচককে মানদণ্ড ধরা হয়। এগুলো হলো—আর্থিক অবস্থা, অর্থনীতিতে অংশীদারিত্ব, আইনি পরিবেশ ও ব্যবসায় নিয়ন্ত্রণ, কর ও শুল্ক পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যবসার জন্য অবকাঠামো এবং ব্যবসার পরিবেশ।
জরিপে বর্তমানের পাশাপাশি নিকট ভবিষ্যতে ব্যবসা করার ক্ষেত্রে আস্থার বিষয়টিও উঠে আসে। ব্যবসায় আস্থার সূচকে দেখা যায়, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছিল ১০ দশমিক ৩২। জুলাই থেকে ডিসেম্বরে তা বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ এবং আগামী বছরের জানুয়ারি থেকে জুনে হবে ১০ দশমিক ৮৪।
এতে ব্যবসায় পরিবেশ উন্নয়নে বেশকিছু সুপারিশ উঠে আসে। এগুলো হলো—নীতিসহায়তার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ রোধ করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়া, এলসি দ্রুত করতে ব্যাংক ও শুল্ক বিষয়ে হয়রানি বন্ধ করা।
বিল্ড ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্সে (ফিকি) সভাপতি শেহজাদ মুনিম, এমসিসিআইয়ের সহসভাপতি গোলাম মাঈনউদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডের নুশরাত জাহান তানিয়া।
