জেলা প্রশাসককে ওএসডি করাসহ ১১ দফা দাবি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:৩২

মুক্তিযোদ্ধাকে অপমান এবং অবজ্ঞা করায় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমকে ওএসডি করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন দিনাজপুরের মুক্তিযোদ্ধারা। দাবি মানা না হলে জেলার সকল মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করবেন বলে তারা হুঁশিয়ারি দেন। এসব দাবিতে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান। এ সময় জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন হওয়া সেই অভিমানী মুক্তিযোদ্ধাকে অবমাননার প্রতিবাদে দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা মাহমুদুল আলমকে ওএসডি করে তাকে প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জেলা কমান্ডারের দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনিই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করছেন। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকলেও জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে কাজ করছেন। এদিকে সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের জুগিবাড়ী গ্রামে মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের কবর জিয়ারত করেছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর বিভাগীয় কমিশনার এসএম তরিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা। পরে তারা ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।

সেখান থেকে বের হয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধার সন্তান নুর ইসলামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ড্রাইভার পদে চাকরি দেওয়া হয়েছে। নভেম্বর মাসের প্রথম দিন থেকে তিনি সেখানে যোগদান করবেন। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সরকার সবসময় সচেতন। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করা হয়েছে। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার এসএম তরিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনায় জড়িত কেউ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।