দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পেয়েছিল একটি স্বাধীন দেশ। প্রতিবছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে উদযাপিত হবে এবারের বিজয় দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক মুক্তিযুদ্ধভিত্তিক অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্লোগাান ’৭১ এর আয়োজন করবে। এতে সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ৩ দিনব্যাপী আয়োজিত এই উদযাপন চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের বিজয়োত্সব। টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে সকাল ১০টা ৫০ মিনিটে। সকাল ১১ টায় স্মৃতি চিরন্তনে শোক সমাবেশের আয়োজন করা হবে। বেলা সাড়ে ১১টায় টিএসসি চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের জীবন কর্মচিত্র প্রদর্শনী হবে। বেলা ১২ টায় টিএসসির শান্তির পায়রা চত্বরে পতাকা তৈরি করা হবে। বিকেল ৪ টায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সন্ধ্যা সাড়ে ৫টায় স্মৃতি চিরন্তনে প্রদীপ প্রজ্জলন ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।
উত্সবের ২য় দিন অর্থাত্ ১৫ ডিসেম্বর দুপুর থেকে মধ্যরাত অবধি টিএসসির সব সংগঠনের সম্মিলিত পরিবেশনায় থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এসব আয়োজনের মধ্যে অন্যতম হলো বেলা ২ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে দুপুর ২টা ১০ মিনিটে গণসংগীত, বেলা আড়াইটায় কবিতায় মুক্তিযুদ্ধ, বেলা পৌনে ৩টায় জয়ধ্বনি গান ও বিজয়ের কলতান, ২টা ৫৫ মিনিটে তরুণ মুক্তিযুদ্ধ গবেষক সম্মাননা, ৩ টা ২৫ মিনিটে দেশ নাটক পরিবেশন, ৩ টা ৩৫ মিনিটে বিজয়ে সুন্দরে, বিকাল ৪টায় ওয়াটার রকেট উেক্ষপণ, সাড়ে ৫টায় মাইম শো চেতনায় ৭১ পরিবেশন, সন্ধ্যা ৭টায় ফানুস উড্ডয়ন, মধ্যরাতে অর্থাত্ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে থাকছে শ্লোগান ’৭১-এর বর্ণিল আতশবাজি ফুটানো ও ফানুস উড্ডয়ন। এদিন সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির পরিবেশনায় থাকবে বিজয় কনসার্ট। অনুষ্ঠানে গান গাইবে অর্জন, অসৃক, অবলিক, কৃষ্ণপক্ষ, ক্র?্যাক প্লাটুন, দুর্গ, বরশি, বাংলার গান ও ল্যাম্পপোস্ট।
অনুষ্ঠানের শেষ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্রে মুক্তিযুদ্ধ, বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পরিবেশ সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি, শ্লোগান ‘৭১ এর ঢাকের তালে বিজয় উদযাপন ও সন্ধ্যা ৭ টায় মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী।
