পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন অবৈধ ঘোষণা শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

গত মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার আদালতে এ রায়ের ফলে প্রেসিডেন্টকে অভিশংসন করার চেষ্টা হতে পারে।  রায়ে সন্তোষ প্রকাশ করে রাস্তায় নেমে উল্লাস করে বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কর্মী-সমর্থকেরা।

গত ২৬ অক্টোবর হঠাত্ করেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পদচ্যুত করে মাহিন্দা রাজাপক্ষকে এ পদে নিয়োগ দিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত করে তোলেন সিরিসেনা। সেই থেকে দেশটিতে অচলাবস্থা চলছে। গত ৯ নভেম্বর প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। ২০১০ সালের আগস্টে পার্লামেন্টের মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান বিক্রমাসিংহে ও তার দল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার চার দিন পর সুপ্রিম কোর্ট অন্তর্বতীকালীন এক রুলিংয়ে সিরিসেনার আদেশ স্থগিত করে পার্লামেন্ট চালুর নির্দেশ দেন। তিন দফায় আস্থা ভোটে হেরে যান নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী রাজাপক্ষে। কিন্তু বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল করবেন না বলে জানিয়ে দেন সিরিসেনা। তবে গতকাল সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে জানান, প্রেসিডেন্ট সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দিয়ে এবং নির্ধারিত সময়ের দুই বছর আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।