শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি যাত্রীর প্রটোকল নিয়ে আসা এক যাত্রীর লাগেজ থেকে ১৬ কেজি ওজনের ১৬১টি সোনার বার ও ১০০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। তবে ওই যাত্রী লাগেজ রেখে পালিয়ে গিয়েছেন।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সোনা চোরাচালানের গোপন খবর থাকায় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছিল। শনিবার সকাল ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ( ফ্লাইট নম্বর এসকিউ ৪৪৮) এসেছিলেন সাইফুল ইসলাম। তার সেই ব্যাগেজ দুটি নিতে দুপুর ১টার দিকে আসেন সিরাজ। গ্রিণ চ্যানেলে কাস্টম কর্মকর্তারা সিরাজের কাছে ব্যাগেজের তথ্য জানতে চান। তখন সিরাজ জানান, ভূমি মন্ত্রণালয়ের প্রটোকলের ব্যাগ নিয়ে যাচ্ছেন। কাস্টম কর্মকর্তারা ব্যাগ স্ক্যান করতে বললে তিনি
অসহযোগিতা করেন। ব্যাগেজ চেক করার কথা জানানো হলে মোবাইল ফোনে কথা বলা শুরু করেন সিরাজ। একপর্যায়ে কথা বলতে বলতে সিরাজ ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে যান। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগ দুইটি খোলা হলে মোবাইলের প্যাকেটের ভেতর ১০০ গ্রাম ওজনের ১৬১টি সোনার বার পাওয়া যায়। একইসঙ্গে ১০০টি শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোনসেটও পাওয়া যায়।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার আরো বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের তথ্য মতে ব্যাগের মালিক সাইফুল ইসলাম। অন্যদিকে যিনি ব্যাগেজগুলো নিতে এসেছিলেন তার নাম সিরাজ। বিমানবন্দরের ভিআইপি পাস ইস্যু রেজিস্টার বইয়ে ভিআইপি প্রটোকল দেওয়ার জন্য তার নামে পাস ইস্যু করা ছিল।
