সংগঠন

স্বাস্থ্যসেবায় ওদের ক্লাব

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৬

স্বাস্থ্যসেবা মানুষের একটি অধিকার। আর এ অধিকারটি হবিগঞ্জবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাওয়া একদল উদ্যমী মেডিক্যাল শিক্ষার্থীর প্রাণের সংগঠন মেডিসিন ক্লাব, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ (শেহামেক) ইউনিট।

হবিগঞ্জে ২০১৭ সালে বাংলাদেশের ৩১তম সরকারি মেডিক্যাল কলেজ হিসেবে যাত্রা শুরু করে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ। এর কয়েকমাস পরেই ৮ মে, ২০১৮ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে যাত্রা শুরু হয় মেডিসিন ক্লাব, শেহামেক ইউনিট এর। মেডিসিন ক্লাব সারা বাংলাদেশেই মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক সংগঠন। ক্লাবটির শাখা হিসেবে শেহামেক ইউনিট ক্লাবের কার্যক্রম অনুসারে হবিগঞ্জে বৃহত্ পরিসরে রক্তের গ্রুপিং, হেপাটাইটিস-বি স্ক্রিনিংসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম হয়। এছাড়াও থ্যালাসেমিয়া, ডেঙ্গু, স্তন ক্যান্সার বিষয়ক বেশকিছু সচেতনতামূলক সেমিনার আয়োজন করে মেডিসিন ক্লাবটি। পাশাপাশি মেডিসিন ক্লাবের অন্যতম কার্যক্রম হিসেবে জরুরি প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহসহ থ্যালাসেমিয়া রোগীদের সহজে রক্ত প্রাপ্তি নিশ্চিতকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে শেহামেক ইউনিট।

 গত ২৮-২০ সেপ্টেম্বর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুরে আয়োজিত মেডিসিন ক্লাবের ২২তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে মেডিসিন ক্লাব, শেহামেক পরিবার কেন্দ্রীয়ভাবে ইউনিট হিসেবে স্বীকৃতি পায়। শুধু সমাজসেবাই নয়, মেডিসিন ক্লাব, শেহামেক ইউনিট তাদের ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান মহোদয় ক্লাব পরিচালনায় সবসময়ই পাশে থেকেছেন । এছাড়াও ক্লাবের অভিভাবক হিসেবে আছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মো. আবু জাহির। মেডিসিন ক্লাব, শেহামেক ইউনিট তাদের পরবর্তী কার্যক্রম হিসেবে বৃহত্ পরিসরে ভ্যাক্সিনেশনের মাধ্যমে হবিগঞ্জের প্রতিটি ঘরে বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ক্লাবকর্মীদের বিশ্বাস, এর মাধ্যমে তাদের রোগমুক্ত হবিগঞ্জ গড়ে তোলার যে স্বপ্ন, তা পূরণের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে।