সংগীতশিল্পী সৈয়দ শহীদ। একক গানের পাশাপাশি তার ব্যান্ড ‘দূরবীন’ নিয়ে চলছে তার বর্তমান ব্যস্ততা। এই বছরের শেষেই উদযাপন করা হবে ব্যান্ডটির বর্ষপূর্তি অনুষ্ঠান। সার্বিক এই প্রসঙ্গগুলোর পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
বেশ ভালো। ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে।
তাহলে শুরুতে ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই...
বেশ কয়েকটি গান আসবে সামনে। সেগুলোর প্রস্তুতি চলছে। আমার আর কাজী শুভর কয়েকটি গান শিগগিরই শুনতে পারবেন শ্রোতারা।
আপনার একক অনেকগুলো গান এখন পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু গানে আপনাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এর কারণ?
আসলে পুরোদমে পেশাদার সংগীতশিল্পী আমি নই। নিজের ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাই সেটুকু গানে দিই। এটি আমার ভালোবাসার জায়গা। তাই দীর্ঘ বিরতিও দেওয়া সম্ভব নয়। অনিয়মিত হলেও আমি গানের সঙ্গে সবসময়ই আছি।
সোশ্যাল মিডিয়ার এই যুগে ভাইরাল হওয়ার মাধ্যমে অনেকে আলোচনায় আসেন। কিন্তু দ্রুত যেমন তাদের জনপ্রিয়তা আসে তেমনি দ্রুত তারা হারিয়ে যাচ্ছেন। এর কারণ কী মনে করেন?
সৃজনশীল কাজের ক্ষেত্রে অধ্যবসায়টা খুব জরুরি। আমি যে কাজটি করছি সেটি কতটুকু ভালোবাসা নিয়ে করছি এবং শ্রোতাদের একটি কাজ কতটুকু পরিশ্রমের মধ্য দিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় নিজের কাজের জায়গায় ডেডিকেটেড হতে হবে।
‘দূরবীন’ নিয়ে আপনাকে আবার কবে পাওয়া যাবে?
খুব শিগগিরই। এই বছর শেষে দূরবীন চমক নিয়ে আসছে। গতবছর আমরা বর্ষপূর্তিসহ আরো কিছু পরিকল্পনা ছিল। সেগুলোর কিছুই করা হয়নি বিভিন্ন কারণে। এবার ডিসেম্বরে আমরা এ নিয়ে পরিকল্পনা করবো। সেগুলো নিয়ে কাজও চলছে। আশা করি দূরবীন থেকে আমরা বেশ ভালো কিছু উপহার দিতে পারবো।
