ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের প্রধান আবু বকর আল বাগদাদিকে সাগরে সমাহিত করা হয়েছে। সোমবার মার্কিন সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
পেন্টাগনের এক কর্মকর্তা জানান, বাগদাদির দেহাবশেষ সাগরের অজ্ঞাত স্থানে ফেলে দেয়া হয়েছে। ঠিক যেভাবে ২০১১ সালে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের লাশ ফেলে দেওয়া হয়েছিল। তবে কখন, কোথায় ফেলা হয়েছে তা জানাননি ওই কর্মকর্তা।
আইএস প্রধান বাগদাদি ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে খেলাফত প্রতিষ্ঠা করে নিজেকে ‘খলিফা’ হিসাবে ঘোষণা করেছিলেন। সেই সময় থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল সে। গত পাঁচ বছর ধরে তাকে হন্যে হয়ে খুঁজেছে মার্কিন বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে তাকে খুঁজে পায় মার্কিন বাহিনী।
আরও পড়ুন: আপিলের সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান
বেশ কয়েকদিন ধরেই তার গতিবিধির উপরে নজর রাখছিলো মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দারা খবর পায় বাগদাদিকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।
মার্কিন বাহিনীর পাশাপাশি আমেরিকার বিখ্যাত ডেল্টা বাহিনী অভিযানে অংশ নেয়। রোববার ভোরে ঘন্টাখানেকের অভিযানের সময় নিজের শরীরে বাঁধা সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে তিন সন্তানসহ আত্মঘাতী হন বাগদাদি।
সূত্র- বাসস।
ইত্তেফাক/এসইউ
